সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুলের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাঁর বাড়িতে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে তিনি নিহত বদরুলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে কোনো অভিযুক্ত যেন আইনের আওতা থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার নুমান আহমদ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওসমান গনি মেম্বার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন
। ১ নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব এবং রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুছ আলী,সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, যুবদল নেতা হেলাল আহমদ, ছাত্রদল নেতা নাহিদুল হক, আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিহত যুবদল নেতা বদরুলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রীর এ সফরকে ঘিরে এলাকায় শোক ও ন্যায়বিচারের দাবি আরও জোরালো হয়েছে।