সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলা যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল খালিক আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর অর্থায়নে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মো. নুর আহমদ-এর সহযোগিতায় গত ২৫ জুলাই (শনিবার) দুপুর ২টায় মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
এলাকাবাসীর মতে, মোহাম্মদ আব্দুল খালিক দীর্ঘদিন ধরে নীরবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা এবং মানবিক সহযোগিতা স্থানীয় মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত। প্রবাসে অবস্থান করেও তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া রব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব ও গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৪ নম্বর লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব মো. বিলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ফরিদ উদ্দিন, উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য মো. খায়রুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মোহাম্মদ আব্দুল খালিকের মতো সমাজসেবী ও মানবিক ব্যক্তিদের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা তাঁর এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।