
গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর পশ্চিম পাড়া ফুটবল মাঠে ভিত্রিখেল হাওর ৭ম প্রিমিয়ার লীগ-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই ফাইনালে ট্রাইব্রেকারে জাহিদ একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুলেমান একাদশ।
গতকাল রবিবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ট্রাইব্রেকারে নির্ধারন হয় বিজয়ী দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ খাঁন।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারদাতা ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাফিজুর রহমান কাওছার, খেলোয়াড় দর্শক ও খেলা পরিচালনা কমিটির উদ্দেশ্যে অডিও বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা ও মূল্যবান বক্তব্য প্রদান করেন। অডিও বক্তব্যে মোস্তাফিজুর রহমান কাওছার খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি নিজেদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভিত্রিখেল হাওর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়ন ও তরুণদের উৎসাহিত করতে তিনি তাঁর সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মোস্তাফিজুর রহমান কাওছার দীর্ঘদিন ধরে ১১নং মধ্য জাফলং ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান এবং শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন। তাঁর এসব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশংসা অর্জন করেছে।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সিলেট জেলা শাখার সহসভাপতি এবং জিসাস গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী জইন উদ্দিন, ভিত্রিখেল হাওর যুব সংঘের সভাপতি জনাব ফরিদ মিয়া এবং সাধারণ সম্পাদক জনাব ফরহাদ মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মোহাম্মদ খাঁন।
ফাইনালে চ্যাম্পিয়ন সুলেমান একাদশকে পুরস্কার হিসেবে একটি ছাগল এবং রানার্সআপ জাহিদ একাদশকে একটি ট্রফি প্রদান করা হয়।
ভিত্রিখেল হাওর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে ওঠার পাশাপাশি সামাজিক উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।